খাবার নেই, মিলছে না ওষুধ! ভোটের আগে অধিকৃত কাশ্মীরে পাক সেনার চরম বর্বরতা!
আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, নির্বাচনে হারের আশঙ্কায় পাক সরকার ও সেনাবাহিনী দমনপীড়নের পথ বেছে নিয়েছে। এরই অংশ হিসেবে নাগরিক সংগঠন ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (JAAC)-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত ধর্মঘটে নিরস্ত্র জনতার ওপর পাক সেনার এলোপাথাড়ি গুলিবর্ষণে চিকিৎসক ও নারীসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।
অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। পুরো উপত্যকায় ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করার পাশাপাশি অঘোষিতভাবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধের জোগান বন্ধ করে দেওয়া হয়েছে। আটা, চাল, চিনি, ডাল ও পেট্রোলের মতো সামগ্রীর অভাবে স্থানীয় বাসিন্দারা চরম সংকটে পড়েছেন। ওষুধের দোকানগুলো বন্ধ থাকায় মুমূর্ষু রোগীরা জীবনদায়ী ওষুধ পাচ্ছেন না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহের জন্য স্থানীয় বাসিন্দাদের বাধ্য হয়ে পাকিস্তানের বিভিন্ন শহরে ছুটতে হচ্ছে।