‘রাস্তায় ডিম না ছুড়ে বাচ্চাদের খাওয়ান’, ইসকন ইস্যুতে বিধানসভায় গর্জে উঠলেন শোভনদেব!
সরকারি স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, বিরোধিতায় সরব শাসকদলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়
কলকাতা: রাজ্যের সরকারি স্কুলে মিড-ডে মিল পরিচালনার দায়িত্ব আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ইসকন’-এর হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তে তৈরি হয়েছে বিতর্ক। বাজেট আলোচনা অংলে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সরব হয়েছেন বর্ষীয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। পড়ুয়াদের পুষ্টির অধিকার নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি অভিযোগ করেন, ইসকন একটি কট্টর নিরামিষাশী প্রতিষ্ঠান হওয়ায় তাদের রান্না করা খাবারে প্রয়োজনীয় প্রোটিন ও পুষ্টির অভাব দেখা দিতে পারে। ইসকনের আদর্শ অনুযায়ী তাদের রান্নাঘরে ডিম বা মাংস ব্যবহারের নিয়ম না থাকায়, এর ফলে স্কুলের মেনু থেকে ডিম চিরতরে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিধানসভার অধিবেশনে শোভনদেব চট্টোপাধ্যায় স্থানীয় পর্যায়ে নেতাদের লক্ষ্য করে সাধারণ মানুষের ‘ডিম ছোঁড়া’র ঘটনার সমালোচনা করে বলেন, নষ্ট না করে সেই ডিম স্কুলের গরিব বাচ্চাদের মিড-ডে মিলে দেওয়া হোক। এদিকে, ইসকনের সহায়তায় নতুন ‘সেন্ট্রালাইজড কিচেন’ ব্যবস্থা চালু করা হলেও, পড়ুয়াদের জন্য প্রাণিজ প্রোটিনের বিকল্প কী হবে, তা নিয়ে শিক্ষা দপ্তর এখনও কোনো স্পষ্ট রূপরেখা ঘোষণা করেনি। এই ধোঁয়াশার কারণে শিক্ষক, অভিভাবক ও পুষ্টিবিদদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।