তারাতলায় নির্মীয়মাণ ছাদ ধসে বিপত্তি, ধ্বংসস্তূপে আটকে বহু শ্রমিক!
বুধবার দুপুরে কলকাতার তারাতলা এলাকার ব্রেস ব্রিজের কাছে ট্রান্সপোর্ট ডিপো রোডে একটি নির্মীয়মাণ চায়ের গোডাউনের তিন তলার লোহার ছাদ ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এই বিপর্যয়ে ধ্বংসস্তূপের নিচে প্রায় ৫০ জন শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনাবাহিনী।
দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। জেসিবি ও গ্যাসকাটার ব্যবহার করে ভারী লোহার স্তূপ সরানোর কাজ চলছে এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নবান্নের তরফে একটি জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সাধারণ মানুষের সহায়তার জন্য ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ০৩৩ ২২১৪৩৫২৬ ও ০৩৩ ২২৫৩৫১৮৫ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
এদিকে এই দুর্ঘটনার কারণ হিসেবে নির্মাণ সামগ্রীর গুণমান ও নির্মাণকাজটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি নেতা রাকেশ সিং ঘটনাস্থলে পৌঁছে বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছেন। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছবেন বলে জানানো হয়েছে। এই ঘটনা শহরের নির্মাণকাজগুলোর নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারি নিয়ে জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে।