বার্ধক্য ও বিধবা ভাতা বাড়ল রাজ্যে, কবে থেকে মিলবে টাকা?
রাজ্যের নতুন সরকার তাদের প্রথম বাজেটে সামাজিক সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা এক ধাক্কায় ৫০০ টাকা বৃদ্ধি করেছে। এতদিন এই তিন শ্রেণির মানুষ ১০০০ টাকা করে ভাতা পেতেন, যা এখন বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ৬০ লক্ষ বিশেষভাবে সক্ষম মানুষসহ অগণিত প্রবীণ নাগরিক ও বিধবা মহিলারা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত এই আর্থিক সুবিধা পাবেন। আগামী দুই মাসের মধ্যেই নতুন এই হারে ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
যারা এখনও এই ভাতার জন্য আবেদন করেননি, তারা আগামী ‘জনকল্যাণ শিবির’ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়া প্রবীণ নাগরিকদের সুবিধার্থে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেবেন এবং তা পূরণে সহায়তা করবেন। উপভোক্তারা সরকারি ওয়েবসাইট (https://jaibangla.wb.gov.in/login)-এ গিয়ে ‘Track Applicant Status’ অপশনে মোবাইল নম্বর ও স্কিমের তথ্য দিয়ে নিজেদের পেমেন্ট স্ট্যাটাস যাচাই করতে পারবেন। অনলাইনে টাকা জমা হয়েছে কি না বা প্রক্রিয়াধীন রয়েছে, তা নির্দিষ্ট বার্তার মাধ্যমে ওই ওয়েবসাইটে দেখা যাবে।