জমি দখলকাণ্ডে তোলপাড় পুলিশ মহল, ইডির নজরে এবার কারা?

বেআইনিভাবে জমি দখল ও তোলাবাজির তদন্তে নেমে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তারের পর এবার বেশ কয়েকজন পুলিশকর্তার ওপর নজরদারি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারীদের দাবি, বালিগঞ্জ এলাকার দুষ্কৃতী সোনা পাপ্পু এবং বেহালার ব্যবসায়ী জয় কামদারের সঙ্গে পুলিশের অশুভ আঁতাতের নেপথ্যে রয়েছে বিপুল আর্থিক লেনদেন। জয় কামদারকে জেরা করে শান্তনু সিনহা বিশ্বাসের নাম পাওয়ার পর ইডি এখন দুর্নীতির এই শিকড় খুঁজতে তৎপর হয়েছে। এই ঘটনার তদন্তে ইতিমধ্যে কলকাতায় কর্মরত পুলিশ আধিকারিক নরুল আমিনকে ইডি দপ্তরে তলব করা হয়েছে এবং বুধবার তিনি হাজিরা দিয়েছেন।

এদিকে, এই মামলার তদন্তে বেআইনি অস্ত্র এবং কোটি কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি ৭ এমএম পিস্তল জয় কামদারের সংস্থা থেকেই কেনা হয়েছিল বলে জানতে পেরেছে ইডি। এছাড়া সোনা পাপ্পু ও জয় কামদারের সংস্থার মধ্যে টাকা হাতবদলের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আগ্নেয়াস্ত্র কেনা ও আর্থিক লেনদেনের প্রকৃত উদ্দেশ্য জানতে এবার সোনা পাপ্পুর স্ত্রী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *