ভোটের ময়দানে কড়া কমিশন, AI ও ভুয়া পোস্ট রুখতে ৩ ঘণ্টার চূড়ান্ত হুঁশিয়ারি!

ভারতের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ভোটারদের বিভ্রান্তি থেকে বাঁচাতে কোনো আপত্তিজনক ডিজিটাল কনটেন্ট নজরে আসার তিন ঘণ্টার মধ্যেই কমিশন কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া, নির্বাচনী প্রচারে এআই প্রযুক্তি ব্যবহার হলে সেখানে এর উৎস উল্লেখ করা এবং এটি যে এআই নির্মিত, তা স্পষ্টভাবে জানানোর বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি সোশ্যাল মিডিয়া পোস্ট ও ইউআরএলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে, ভোটগ্রহণের পূর্ববর্তী ৪৮ ঘণ্টার ‘সাইলেন্স পিরিয়ড’ বা নীরবতার সময়ে টেলিভিশন, রেডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের নির্বাচনী প্রচার নিষিদ্ধ করা হয়েছে। সাধারণ নাগরিক ও রাজনৈতিক দলগুলোর অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবহৃত ‘সি-ভিজিল’ অ্যাপের কার্যকারিতা বাড়িয়েছে কমিশন; গত ১৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিলের মধ্যে জমা পড়া প্রায় ৩ লক্ষ ২৩ হাজার অভিযোগের ৯৬ শতাংশই মাত্র ১০০ মিনিটের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *