তারাতলায় গোডাউন ভেঙে ভয়াবহ মৃত্যুমিছিল, উদ্ধারে নামল সেনার ড্রোন!
কলকাতা: বুধবার দুপুরে তারাতলায় ব্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে একটি নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় ওই গোডাউনের ভেতরে ৫০ থেকে ৬০ জন শ্রমিক কাজ করছিলেন, যাদের একটি বড় অংশ লোহার বিম ও পাতের ভারী কাঠামোর নিচে চাপা পড়ে যান। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনা এবং এনডিআরএফ (NDRF)।
উদ্ধারকাজে গতি আনতে ড্রোন ক্যামেরার সাহায্যে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে এবং লোহার কাঠামো কাটতে গ্যাসকাটার ও বুলেট চেন শ ব্যবহার করা হচ্ছে। এছাড়া ধ্বংসস্তূপ সরাতে ক্রেন, আর্থ মুভার ও হাইড্রলিক মইয়ের সাহায্য নেওয়া হচ্ছে। বিকেল চারটে পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১২ জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অবশিষ্ট শ্রমিকদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা।