তারাতলায় গুদাম বিপর্যয়, মধ্যরাতে আটক মালিক!

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের বিশাল লোহার ছাদ ধসে পড়ার ঘটনায় মালিক শম্ভুনাথ বেহরাকে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে জেমস লং সরণির একটি বিলাসবহুল আবাসন থেকে তাঁকে পাকড়াও করা হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও ১০–১২ জন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুলিশ যৌথভাবে কাজ করছে এবং ২০–২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনার তদন্তে গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। এর আগে এই ঘটনায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, সুপারভাইজার সইদ মহম্মদ গুলজার এবং দুই ঠিকাদার মহম্মদ আতাউল ও সুভাষ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। তারাতলা থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১০ এবং ৩(৫) ধারায় মামলা রুজু হয়েছে। প্রাথমিক তদন্ত ও রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, গুদামের নির্মাণ পরিকল্পনায় গুরুতর ত্রুটি এবং গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *