বাংলায় জেহাদিদের ঠাঁই নেই, বঙ্কিমচন্দ্রের জন্মবার্ষিকীতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর!
‘লাভ জেহাদ’ ও ‘ল্যান্ড জেহাদ’-এর মাধ্যমে বাংলাকে এক সময় দুর্বল করার চেষ্টা হয়েছিল বলে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেন। মুখ্যমন্ত্রী জানান, অনুপ্রবেশ রুখতে তার সরকার শূন্য সহনশীলতার (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে। এই লক্ষ্য পূরণে বিএসএফ-এর হাতে জমি হস্তান্তর, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে হোল্ডিং সেন্টারে রাখা এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, ল্যান্ড ও লাভ জেহাদের বিরুদ্ধে আগামী দিনে কঠোর আইন আনার ঘোষণাও দেন তিনি।
শিক্ষা প্রতিষ্ঠানে ‘বন্দেমাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই গান গাওয়ার সময় ঠোঁট নাড়াচ্ছে না, তাদের বাধ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বঙ্কিমচন্দ্র, নেতাজি ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান যে, দেশবিরোধী কোনো কাজ এই মাটিতে বরদাস্ত করা হবে না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘এক দেশ, এক বিধান, এক নিশান’ স্লোগানকে আগামী দিনে বাংলার পথচলার মূল ভিত্তি হিসেবে ঘোষণা করেন তিনি।