উচ্ছেদ অভিযানে ৪৬ লক্ষ টাকার চা-খাবার! রাজকোট পুরসভার দুর্নীতিতে তোলপাড়!
রাজকোটের উচ্ছেদ অভিযানে খাবার নিয়ে ৪৬ লক্ষ টাকার বিল, ঘিরে ফেলল দুর্নীতির অভিযোগ
গুজরাটের রাজকোট মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। রাজকোটের জাঙ্গলেশ্বর এলাকায় অজি নদীর তীরে প্রায় ১৪০০টি অবৈধ নির্মাণ ভাঙার তিন দিনের অভিযানে চা, বিস্কুট ও দুপুরের খাবারের পেছনে ৪৬ লক্ষ ৩১ হাজার টাকা খরচের হিসাব সামনে এসেছে। এর মধ্যে ২১,৩১০ কাপ চা ও জলখাবারের জন্য ৬ লক্ষ ৩০ হাজার টাকা এবং ১৩,৩৯০ প্লেট লাঞ্চ প্যাকেট ও আনুষঙ্গিক খাবারে ২৭ লক্ষ ২০ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। অবশিষ্ট খরচ হয়েছে মিনারেল ওয়াটার ও মণ্ডপ সজ্জার খাতে।
এই অস্বাভাবিক ব্যয়ের হিসাব প্রকাশ্যে আসার পর পুরসভার স্ট্যান্ডিং কমিটি খাবারের বিলটি আপাতত স্থগিত রেখেছে এবং এত বিপুল পরিমাণ অর্থ খরচের বিষয়ে পুর-কর্তৃপক্ষের কাছে লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে। অন্যদিকে, বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, উচ্ছেদ অভিযানের আড়ালে সরকারি কোষাগারের অর্থ তছরুপ করা হয়েছে। স্বচ্ছ তদন্ত ও এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলটি।