স্বাভাবিক হয়ে যাওয়াই এখন সবচেয়ে বড় অসুখ! ঋদ্ধি সেনের বিস্ফোরক মন্তব্য
হাওড়ার টিকিয়াপাড়ায় পূর্ব রেলের জমিতে গড়ে ওঠা বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। উচ্ছেদের সময় পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা ঋদ্ধি সেন। নিজের ফেসবুক পোস্টে তিনি পুনর্বাসনহীন এই উচ্ছেদ অভিযান এবং সমাজের ক্রমবর্ধমান নীরবতাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে ঋদ্ধি সেন উচ্ছেদের ঘটনাটিকে একটি গভীর সামাজিক সংকট হিসেবে উল্লেখ করেছেন। তিনি সমাজের দ্বিচারিতাকে আক্রমণ করে লিখেছেন, পাকা বাড়ির নিশ্চিন্ত আশ্রয় থেকে মানুষ অন্যের ‘ছাদ কেড়ে নেওয়ার উল্লাস’ দেখছে। এদিকে, সরকারি ও রেলের জমি দখলমুক্ত করার আইনি প্রক্রিয়ার পক্ষে অবস্থান নিয়েছে প্রশাসন। অন্যদিকে, মানবাধিকারকর্মীরা দাবি তুলেছেন, উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা সরকারের মানবিক দায়িত্ব। ঋদ্ধি সেনের এই মন্তব্য কেন্দ্র করে পুনর্বাসন, মানবিকতা ও রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ নিয়ে জনমানসে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।