বন্দে মাতরম গাওয়ার সময় ঠোঁট না নাড়ালে শাস্তি, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!
সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ সংগীত গাওয়ার সময় উপস্থিত অনেকের নীরবতা নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রবীন্দ্র সদনে ‘সিটিজেন এমপাওয়ারমেন্ট ফোরাম’ আয়োজিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, সংগীতের সময় কেবল দাঁড়িয়ে থাকাই যথেষ্ট নয়, বরং গানের তালে ঠোঁট নাড়ানোও বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলোতে এই সংগীত বাধ্যতামূলক করার পরও অনেকে অনিচ্ছাসত্ত্বেও দাঁড়িয়ে থাকেন, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
পাশাপাশি, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের মাটি থেকে কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বা দেশকে অপমান করার দুঃসাহস সহ্য করা হবে না। একই সঙ্গে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ এবং বলপূর্বক ধর্মান্তরকরণের বিরুদ্ধে সরকার শীঘ্রই কঠোর আইন আনবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বঙ্কিমচন্দ্রের জন্মবার্ষিকী পালনকালে রাজ্যপাল আরএন রবি বলেন, মহান ঋষি বঙ্কিমচন্দ্র এবং তাঁর রচিত ‘বন্দে মাতরম’ গানটি স্বাধীনতা আন্দোলনের সময় দেশবাসীকে জাগিয়ে তুলতে ও দেশপ্রেমের উদ্দীপনা জোগাতে বিশাল ভূমিকা পালন করেছিল।