তারাতলা বিপর্যয়, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারিতে তোলপাড় কলকাতা!
তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ে ৯ জনের মৃত্যু, প্রাক্তন মেয়র ও পুরসভার বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর
কলকাতা: তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে ৯ জনের মৃত্যুর ঘটনায় সরাসরি পূর্বতন তৃণমূল সরকার এবং প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভায় তিনি অভিযোগ করেন, টাকার বিনিময়ে কলকাতাকে ‘মৃত্যুরপুরী’তে পরিণত করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি কলকাতা পুরসভা থেকে ওই নির্মাণটির প্ল্যানে অনুমোদন দেওয়া হয়েছিল এবং তাতে পুরসভার ইঞ্জিনিয়ারদের পাশাপাশি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে। দুর্নীতির সঙ্গে যুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত ও জেলে পাঠানোর কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, এই ঘটনায় ইতিমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সরকারের কাছে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট এসে পৌঁছেছে।
বেআইনি নির্মাণ রুখতে পরবর্তী চার সপ্তাহ কলকাতা ও সংলগ্ন এলাকা যেমন রাজারহাট-নিউ টাউন, সোনারপুর, বারুইপুর, বিষ্ণুপুর, মহেশতলা ও বজবজে সমস্ত নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলির বিল্ডিং প্ল্যান অডিট করা হবে। এছাড়া, বিপর্যয় মোকাবিলার যন্ত্রপাতির বেহাল দশা নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী জানান, গত ১৫ বছরে ভারী লোহা কাটার আধুনিক যন্ত্র কেনা হয়নি, যার ফলে তারাতলার উদ্ধারকাজে বেগ পেতে হয়েছে। তবে দ্রুত উদ্ধারকাজে সাহায্য করার জন্য বিহার রেজিমেন্ট ও সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন তিনি।