৩৯ সেকেন্ডে তছনছ ভেনেজুয়েলা! ভূমিকম্পে প্রাণ গেল ৩২ জনের

ভেনেজুয়েলায় গত বুধবার (২৪ জুন) মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, যার ফলে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে হওয়া এই কম্পনগুলোর প্রথমটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২ এবং দ্বিতীয়টির ৭.৫। মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, রাজধানী কারাকাস থেকে ১৬৮ কিলোমিটার পশ্চিমে মোরোন এলাকায় ছিল এই ভূমিকম্পের উপকেন্দ্র। ২২ কিলোমিটার গভীরে হওয়া এই জোড়া কম্পনের পর ওই অঞ্চলে অন্তত ২০ বার আফটারশক অনুভূত হয়েছে।

এই বিপর্যয়ে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু এবং ৭০০ জনের বেশি মানুষ আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। তবে ইউএসজিএস-এর আশঙ্কা, মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পর্যন্ত পৌঁছাতে পারে। লা গুয়াইরা প্রদেশকে চরম বিপর্যয়গ্রস্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ভালেন্সিয়া, বারুতা, ট্রুজিলো ও আরাগুয়াসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে পড়ায় সেখানে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *