শিয়ালদা দক্ষিণ শাখায় শনি ও রবিবার বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন!
পরিকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ২৭ ও ২৮ জুন (শনিবার ও রবিবার) শিয়ালদা দক্ষিণ শাখায় দীর্ঘ ৬ ঘণ্টা ৩০ মিনিটের ট্র্যাফিক ও পাওয়ার ব্লক ঘোষণা করেছে পূর্ব রেল। বালিগঞ্জ স্টেশন এলাকায় এই রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টা ৪৫ মিনিট পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত থাকবে। এর ফলে বেশ কিছু ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে এবং কোনো কোনো ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
শনিবার শিয়ালদা থেকে ছেড়ে যাওয়া লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, বজবজ ও সোনারপুর শাখার একাধিক আপ ও ডাউন ট্রেন বাতিল থাকবে। এছাড়া রবিবারও সোনারপুর শাখার দুটি লোকাল ট্রেন চলবে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছু ট্রেন নিউ আলিপুর ও সোনারপুর স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লকের আগে শনিবার রাতে ৩৪৫৫০ ডাউন ও ৩৪৫৫৩ আপ ট্রেন দুটি শেষবারের মতো চলাচল করবে এবং রবিবার ভোরে ব্লক শেষ হওয়ার পর ৩৪৫১১ আপ ও ৩৪৮১৪ ডাউন ট্রেন দিয়ে পরিষেবা পুনরায় শুরু হবে। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে কাজের সময় নির্ধারণ করা হয়েছে এবং প্রয়োজনে ভ্রমণের আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।