চাকরির নামে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ! মাথাভাঙায় ঘেরাও তৃণমূল নেতার বাড়ি

প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে কোচবিহারের মাথাভাঙা-১ ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শ্যামল বর্মনের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ভুক্তভোগী যুবক রাজেন্দ্র সাহুসেনার অভিযোগ, ২০১৬ সালে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই নেতা তাঁর কাছ থেকে সাড়ে আট লক্ষ টাকা নিয়েছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না মেলায় এবং বকেয়া চার লক্ষ টাকা ফেরত না পাওয়ায় তিনি এই বিক্ষোভের পথ বেছে নেন।

চাকরির দুর্নীতির পাশাপাশি ওই তৃণমূল সদস্যের বিরুদ্ধে জমি বিবাদ মিটিয়ে দেওয়ার নাম করে টাকা হাতানো এবং সরকারি রাস্তার কাজে বরাদ্দ পাথর চুরিরও গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এদিকে অভিযুক্তের পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য তিনি বর্তমানে ভিনরাজ্যে রয়েছেন। তাঁর স্ত্রী তাপসী বর্মন সমস্ত অভিযোগ অস্বীকার করে সেগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *