ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প! ধ্বংসস্তূপের নিচে হাজারো মানুষ, মৃতের সংখ্যা ২৩৫
ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় ৩৮ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ হাজার ৩০০ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাডো এই তথ্য নিশ্চিত করেছেন। রাজধানী কারাকাস থেকে ১৬০ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৭.২ মাত্রার প্রথম কম্পনটি অনুভূত হওয়ার পরপরই ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা লা গুয়াইরায় শতাধিক বাড়ি ধসে পড়েছে এবং ৭০ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। ভূমিকম্পের পর অন্তত ২০ বার আফটারশক অনুভূত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিপর্যয় মোকাবিলায় সরকার উদ্ধারকর্মীর সংখ্যা বৃদ্ধি করেছে এবং রাষ্ট্রপুঞ্জ বিশেষ উদ্ধারকারী দল পাঠাচ্ছে। এছাড়া আমেরিকা ১৫০ মিলিয়ন ডলার এবং রাষ্ট্রপুঞ্জ ১৫ মিলিয়ন ডলার ত্রাণ সাহায্যের ঘোষণা দিয়েছে। উদ্ধারকাজের সুবিধার্থে ভেনেজুয়েলার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।