রাম মন্দিরে অনুদান দুর্নীতি! ৮ গ্রেপ্তারের পর ইস্তফা দিলেন চম্পত রাই?
অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদানের অর্থ চুরির অভিযোগ এবং বিপুল দুর্নীতির তথ্য সামনে আসার পর শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে বড় ধরনের রদবদল হয়েছে। এই ঘটনায় ট্রাস্ট-ঘনিষ্ঠ ৮ জনকে গ্রেপ্তারের পরপরই শুক্রবার ট্রাস্টের প্রধান চম্পত রাই এবং সদস্য অনিল মিশ্র তাঁদের পদ থেকে পদত্যাগ করেছেন। বিশেষ তদন্তকারী দলের (সিট) রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মন্দিরে আসা সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি নগদ অর্থ ও অগণিত স্বর্ণ-রৌপ্য অলংকারের বড় অংশের কোনো হদিশ নেই। এমনকি রুপোর তৈরি ভূষূণ্ডির কাকও খোয়া গেছে। কৃষ্ণ মোহনের দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে শুরু হওয়া তদন্তে জানা গেছে, অনুদান ব্যবস্থাপনা এবং সংগৃহীত অর্থ গণনায় অনিয়ম ও দুর্নীতির সঙ্গে খোদ চম্পত রাইয়ের ঘনিষ্ঠ মহলের যোগসাজশ ছিল।
পুলিশের তদন্তে মন্দিরের দানবাক্সের চাবিরক্ষক তথা চম্পত রাইয়ের প্রাক্তন গাড়িচালক টিন্নু-সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনুদান গণনার দায়িত্বে থাকা রমাশংকর মিশ্র, তাঁর ছেলে অনুকল্প এবং জামাই লবকুশ মিশ্র রয়েছেন; লবকুশের বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে। এছাড়া জাল রসিদ তৈরি ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে অবিনাশ শুক্লা, মণীশ যাদব, সুভাষ শ্রীবাস্তব এবং করুণেশ পাণ্ডেও পুলিশের জালে ধরা পড়েছেন। এই ঘটনার প্রেক্ষাপটে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। সিটের রিপোর্টের পর মন্দিরের আর্থিক অডিট ও প্রশাসনিক নজরদারি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।