স্বাদের আড়ালে বিষ! সিল হলো বনগাঁর জনপ্রিয় বিরিয়ানির দোকান।

বনগাঁ শহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় খাবারের মান যাচাইয়ে অভিযান চালিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর, পৌরসভা ও পুলিশ প্রশাসন। শহরের ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বিরিয়ানির দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারের মান নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে এই যৌথ অভিযান পরিচালিত হয়। চাকদহ রোড ও যশোর রোড সংলগ্ন একাধিক দোকান থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বেনিয়মের অভিযোগে মতিগঞ্জ এলাকার একটি বিরিয়ানির দোকান পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে।

পৌরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদারের উপস্থিতিতে মোট ছয়টি দোকানে এই অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেওয়া আধিকারিকদের পর্যবেক্ষণ অনুযায়ী, খাবারের স্বাদ বাড়াতে ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার এবং ফ্রিজে পুরোনো খাবার রেখে তা পুনরায় বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এর আগে জনস্বার্থে বিজেপির কালচারাল সেলের পক্ষ থেকেও খাবারের গুণগত মান যাচাইয়ের আবেদন জানানো হয়েছিল। মূলত, শিশুদেরসহ সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই কড়া প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *