দ্বিতীয়বার এলে ফল ভালো হবে না! পুলিশকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী শঙ্কর ঘোষের
এলাকায় জমি ও বালি মাফিয়াদের দাপট এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের প্রেক্ষিতে শিলিগুড়ির আশিঘর পুলিশ ফাঁড়িতে গিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শুক্রবার বিধানসভার বাজেট অধিবেশন শেষে নিজের নির্বাচনী এলাকা ডাবগ্রাম-ফুলবাড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তোলাবাজি, গুন্ডামি ও প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে অসামাজিক কাজকর্মের বিস্তর অভিযোগ শোনেন তিনি। এরপরই মন্ত্রী সরাসরি পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে আধিকারিকদের তলব করেন।
তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে শঙ্কর ঘোষ স্পষ্ট জানান, দুর্নীতি নিয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী এবং অতীতের মতো নিষ্ক্রিয়তা বরদাস্ত করা হবে না। তিনি সতর্ক করে বলেন, এলাকার সমস্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে হবে; অন্যথায় পরিস্থিতি অন্যরকম হতে পারে। এছাড়া পরিদর্শনের সময় মন্ত্রী পুজোর আগেই ডাবগ্রামের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর সংস্কারের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাথে আলোচনার কথা জানান এবং এলাকায় ট্রাফিক ও আইনশৃঙ্খলা ব্যবস্থা কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছেন।