অভিষেকের আপ্ত সহায়কের ঘনিষ্ঠ যুবককে কি পুলিশের পোশাকে অপহরণ!
ব্যান্ডেল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের ঘনিষ্ঠ যুবক নিখোঁজ
ব্যান্ডেলের কেওটা রাধারানি কলোনি থেকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের ঘনিষ্ঠ পলাশ চক্রবর্তী নামে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে সাদা রঙের একটি গাড়িতে করে পাঁচ-ছয় জন ব্যক্তি পলাশকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরিবারের দাবি, ওই গাড়িতে ইংরেজিতে ‘পুলিশ’ লেখা ছিল এবং কোনো পরিচয়পত্র প্রদর্শন ছাড়াই তাকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ওই যুবকের কোনো হদিস পাওয়া যায়নি। জানা গেছে, পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
বর্তমানে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে শালবনি থানা সুমিত রায়ের খোঁজ করছে এবং তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করা হয়েছে। তবে শালবনি থানা ও সিআইডি—উভয় তরফেই জানানো হয়েছে যে, এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই এবং পলাশকে তারা হেফাজতে নেয়নি। স্থানীয়ভাবে জানা গেছে, পলাশ আগে ছাত্র রাজনীতি করতেন এবং শ্রীরামপুর কলেজের জিএস ছিলেন। এর আগে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁকে দেখা গিয়েছিল। সাংসদের আপ্ত সহায়কের ওপর প্রশাসনের চাপ বাড়ার মুখে তাঁর ঘনিষ্ঠ এই যুবকের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।