‘দিদি নম্বর ওয়ান’ থেকে বিতাড়িত বিশ্বাসঘাতক! রচনাকে বেনজির আক্রমণ কল্যাণের

হুগলির দুই প্রাক্তন সাংসদকে নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই (NCPI) শিবিরে যোগ দেওয়া হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং আরামবাগের প্রাক্তন সাংসদ মিতালি বাগের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার চুঁচুড়ায় তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। সাংসদ হিসেবে এলাকার উন্নয়নের বদলে তিনি নিজের ব্যক্তিগত বিলাসিতা ও দিল্লি নিয়েই বেশি ব্যস্ত ছিলেন বলে দাবি কল্যাণের। একই সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়কে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে তিনি কটাক্ষ করেন, অভিনেত্রী হওয়ার সুবাদে মানুষ তাঁর শো দেখলেও, বর্তমানে রাজনৈতিক নেতা হিসেবে তাঁর পাশে থাকার মতো সাধারণ কর্মীও নেই।

সাংসদ মিতালি বাগের প্রসঙ্গ টেনে এনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁকেই মিতালির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ হয়েছিল। অথচ সেই মিতালি আজ দলবদল করে বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মিতালি বাগের পাশেও বর্তমানে কোনো দলীয় কর্মী নেই এবং তিনি কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন। তৃণমূলের গুরুত্বপূর্ণ এই প্রস্তুতি সভা থেকে দলের দুই প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই কড়া মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *