সিআইডি সেজে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে অপহরণ, চলন্ত গাড়িতে কোটি টাকা মুক্তিপণ দাবি!
কলকাতা: সিআইডি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ ও লুঠপাটের ঘটনায় এলাকায় চাঞ্চল্য
পূর্ব কলকাতার ফুলবাগানে প্রকাশ্য দিবালোকে সিআইডি পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ ও চলন্ত গাড়িতে লুঠপাটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে আসা এক ব্যবসায়ী যখন ফুলবাগানের একটি শপিং মল থেকে বের হন, সেই সময় কালো রঙের স্করপিও গাড়িতে আসা কয়েক জন ব্যক্তি নিজেদের সিআইডি আধিকারিক বলে পরিচয় দেয়। তল্লাশির অছিলায় ওই ব্যবসায়ীকে জোর করে গাড়িতে তুলে নেওয়া হয় এবং তাঁর সঙ্গীদের মারধর করা হয়। অভিযোগ, চলন্ত গাড়িতে ওই ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতীরা। মুক্তিপণে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয় এবং তাঁর কাছে থাকা ৭০ হাজার টাকা নগদ ও ৩ লক্ষ টাকা মূল্যের সোনার চেন ছিনিয়ে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ীর সঙ্গীরা পুলিশকে খবর দিয়েছে জানতে পেরে দুষ্কৃতীরা মধ্যমগ্রামের কাছে তাঁকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। বর্তমানে আক্রান্ত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ফুলবাগান থানার পুলিশ শপিং মল সংলগ্ন এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার পাশাপাশি এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।