গুলমার্গে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন ১, আতঙ্কিত উপত্যকা!
জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার গুলমার্গের সুমলি ওয়ালি ঢোকের আশা পোস্টের কাছে একটি মর্মান্তিক বিস্ফোরণে একজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জবীর আহমদ বাজাদ নামের এক ব্যক্তি মাঠে পড়ে থাকা পুরনো এবং অবিস্ফোরিত ল্যান্ডমাইন বা মর্টার শেল ভুলবশত স্পর্শ করলে বিস্ফোরণটি ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক গুজবে দাবি করা হয় যে, এ ঘটনায় ভারতীয় সেনার জওয়ানরা আহত হয়েছেন। বারামুল্লা জেলা পুলিশ এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে। প্রশাসন সাধারণ মানুষকে বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে কেবল সরকারি তথ্যের ওপর ভরসা রাখার অনুরোধ জানিয়েছে। বর্তমানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত করছে এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।