১২৫ ফুটের শ্যামাপ্রসাদ! জিরাটে ২০০ কোটির চমকে পর্যটনের নতুন দিগন্ত।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত হুগলির বলাগড়ের জিরাটে থাকা পৈতৃক ভিটে এবার একটি নতুন পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে। বিজেপির রাজ্য বাজেট অনুযায়ী, এই সংস্কার কাজ ও ১২৫ ফুট উঁচু একটি মূর্তি নির্মাণের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গুজরাটের ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র আদলে নির্মিত এই মূর্তি ও সংস্কার পরিকল্পনা জিরাটের পর্যটন মানচিত্রকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
আশুতোষ মুখোপাধ্যায় ও তাঁর পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই পৈতৃক ভিটেটি দীর্ঘদিন অবহেলার শিকার থাকলেও, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর প্রশাসন বর্তমানে তা সংস্কারে তৎপর হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। বলাগড়ের বিধায়ক সুমনা সরকারের মতে, এই প্রকল্পের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি রক্ষার পাশাপাশি জিরাট ভবিষ্যতে রাজ্যের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হবে।