দশ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় তৃণমূল কর্মীকে মারধর, কাঠগড়ায় বিজেপির মণ্ডল সভাপতি!
নবদ্বীপ: ফের রাজনৈতিক উত্তেজনায় তপ্ত নদিয়ার নবদ্বীপ। তৃণমূল কর্মীর কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি এবং তা দিতে অস্বীকার করায় তাঁকে ও তাঁর ভাইকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির মণ্ডল সভাপতি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত তৃণমূল কর্মী শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় নবদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।
আক্রান্তের পরিবারের অভিযোগ, গত ২৮ জুন দুপুরে মাজদিয়া স্কুল মাঠ সংলগ্ন এলাকায় শংকর দেবনাথের বাড়িতে চড়াও হন নবদ্বীপের বিজেপির মণ্ডল সভাপতি মধুসূদন সেন ও তাঁর সঙ্গীরা। অভিযোগ, বাড়ি থেকে টেনে বের করে শংকর দেবনাথকে মারধর করা হয় এবং পরে হাসপাতালে দাদাকে দেখতে গেলে তাঁর ভাই শীবেন্দ্র দেবনাথের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির মণ্ডল সভাপতি মধুসূদন সেন। তিনি দাবি করেন, শংকর দেবনাথ এলাকায় তৃণমূলের দাপট দেখিয়ে সাধারণ মানুষকে হুমকি দিতেন। বিজেপি নেতারা সেখানে কোনো মারধরের ঘটনা ঘটাননি, বরং গ্রামবাসীদের সাথে শংকরের বচসার বিষয়টি মেটাতে গিয়েছিলেন। বর্তমানে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।