১ জুলাই থেকে বদলে যাচ্ছে বাংলার গ্রাম! ১২৫ দিনের কাজ নিয়ে এল ১০ চমক
কলকাতা: আগামীকাল, ১ জুলাই থেকে পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের ‘১০০ দিনের কাজ’ (MGNREGA) প্রকল্পের পরিবর্তে কার্যকর হচ্ছে নতুন আইন ও প্রকল্প— ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা (VB-G RAM G)’। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে বিপুল অর্থ, যার মধ্যে ৮,৫০৮ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র এবং ৫,৬৭২ কোটি টাকা বহন করছে রাজ্য সরকার। নতুন এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ২.৫৬ কোটি জব কার্ডধারী পরিবার বছরে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিন কাজ পাওয়ার নিশ্চয়তা পাবেন।
নতুন এই প্রকল্পে কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে বায়োমেট্রিক উপস্থিতি, জিও-ট্যাগিং এবং ডিজিটাল নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে। প্রকল্পের ব্যয়ের ৬০ শতাংশ সরাসরি শ্রমিকের মজুরি বাবদ ব্যয় করা হবে এবং কাজের অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলার মতো বিষয়গুলি। এছাড়াও, কৃষি মরশুমে শ্রমিকের চাহিদা বজায় রাখতে বছরে ৬০ দিন কর্মদিবস বন্ধ থাকবে। কাজ চাওয়ার ১৫ দিনের মধ্যে তা প্রদানে ব্যর্থ হলে বেকারভাতা প্রদান এবং মজুরি প্রদানে দেরি হলে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সোশ্যাল অডিট ও জেলা স্তরে ওম্বাডসম্যানের মাধ্যমে এই প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। নবান্ন সূত্রে খবর, রাজ্য জুড়ে এই নতুন প্রকল্প চালুর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।