পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি! পিসার ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
পারিবারিক বিবাদের জেরে মালদায় পিসার ছুরিকাঘাতে খুন যুবক
মালদা: পারিবারিক বিবাদের জেরে পিসার ছুরিকাঘাতে প্রাণ হারালেন ২৮ বছর বয়সী এক যুবক। সোমবার রাতে মালদার মানিকচকের নাজিরপুর পশ্চিম পাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শেখ রবিউলকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে আলতাফ মোমিনের মেয়ের সঙ্গে রবিউলের বৌদি সালমার বচসা হয়। সেই সময় সালমা ও তাঁর মা আকলিমাকে মারধর করেন আলতাফ। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করতে গিয়ে রবিউল তাঁর পিসা আলতাফের মুখোমুখি হন। অভিযোগ, সেই সময় আলতাফ ঘর থেকে ধারালো ছুরি বের করে রবিউলের ওপর এলোপাথাড়ি হামলা চালায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত আলতাফ মোমিন পলাতক রয়েছে। মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।