বহরমপুরে সরকারি অবহেলার চরম নিদর্শন, নষ্ট হচ্ছে কোটি টাকার এলইডি ডিসপ্লে!
বহরমপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং বিজ্ঞাপনের মাধ্যমে রাজস্ব আয়ের উদ্দেশ্যে লক্ষাধিক টাকা ব্যয়ে বসানো হয়েছিল একাধিক স্বয়ংক্রিয় এলইডি ডিসপ্লে বোর্ড। শুরুতে উদ্যোগটি প্রশংসিত হলেও বর্তমানে পুরসভার উদাসীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবে কোটি টাকার এই সরকারি সম্পত্তি অকেজো হয়ে পড়েছে। শহরের জলট্যাংক মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো বোর্ডগুলো বর্তমানে ধুলো ও আগাছায় ঢাকা পড়েছে। এর ফলে নতুন বিজ্ঞাপনের চুক্তি বা পুরনো চুক্তি নবায়ন না হওয়ায় পুরসভা উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভার প্রশাসনিক ডামাডোল এবং অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণেই সরকারি তহবিলের এই বিপুল অর্থ অপচয় হচ্ছে। এছাড়া টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে সাধারণ নাগরিকরা এই পরিকাঠামো বেহাল হওয়ার জন্য প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করছেন। এ বিষয়ে বহরমপুর পুর প্রশাসক তথা সদর মহকুমা শাসক সমীরণ বারিক জানান, তিনি সদ্য দায়িত্ব নেওয়ায় বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। তবে পুরো ঘটনার খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।