পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ডিম ও কাদা, ধুন্ধুমার বিক্ষোভ গ্রামবাসীদের!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের মসজিদবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত প্রধান গৌর সর্দারকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে পঞ্চায়েত প্রধান অফিসে আসার পথে তাকে ঘিরে ফেলে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। অভিযোগ, সেই সময় তাকে লক্ষ্য করে কাদা, গোবর এবং ডিম ছুড়ে মারা হয় এবং তার গলায় গামছা পরিয়ে হেনস্থা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় পঞ্চায়েত প্রধান গ্রামবাসীদের ওপর মারধর ও হুমকি দিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় তাকে এলাকায় দেখা যায়নি। এদিন দীর্ঘ সময় পর তাকে দেখেই উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পঞ্চায়েত প্রধানকে উদ্ধার করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *