মমতার পালটা কে? রাজ্য সভাপতি হিসেবে প্রবীণ নেতার নাম ঘোষণা ঋতব্রত শিবিরের!
তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে আসার পর শুক্রবার তপসিয়ার একটি হোটেলে রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে নিজেদের ‘আসল’ তৃণমূল হিসেবে ঘোষণা করেছে ঋতব্রত শিবির। এই নতুন নেতৃত্বের তরফে দলের রাজ্য সভাপতি হিসেবে প্রবীণ নেতা বিপ্লব মিত্র এবং কার্যকরী সভাপতি হিসেবে জাভেদ খানের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া, সম্প্রতি কালীঘাট শিবির ছেড়ে আসা চন্দ্রিমা ভট্টাচার্যকে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছে।
মহিলা সংগঠনের সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সাবিনা ইয়াসমিনকে। পাশাপাশি দলের ছাত্র, যুব ও তপশিলি সংগঠনেও বড় ধরনের রদবদল আনা হয়েছে। এরই মধ্যে ঋতব্রত শিবিরের পক্ষ থেকে নিজেদের দাবিকে বৈধতা দিতে নির্বাচন কমিশনে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে। এছাড়া আগামী ২১ জুলাইয়ের শহিদ দিবস অন্য পদ্ধতিতে পালনের জন্য গান্ধীমূর্তির সামনে কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।