রাস্তায় চাঁদাবাজি বন্ধের কড়া হুংকার শুভেন্দুর, কন্ট্রোল রুম থেকেই নজরে ট্রাফিক পুলিশ!
রাজ্যের ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি ও অবৈধভাবে টাকা তোলার অভিযোগ নির্মূল করতে রাজ্য সরকার একটি কঠোর নজরদারি নেটওয়ার্ক গড়ে তোলার ঘোষণা করেছে। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বিতর্কের জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী জানান, পুলিশের দুর্নীতি রুখতে একটি বিশাল সেন্ট্রাল কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্য দপ্তরের আদলে সাধারণ মানুষ সরাসরি নিজেদের অভিযোগ জানাতে পারবেন।
মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, রাজ্যের যেকোনো প্রান্ত থেকে পুলিশের দুর্নীতির তথ্য সরাসরি ভবানী ভবনের ডিআইজি-র কাছে পৌঁছে যাবে। ট্র্যাফিক পুলিশের পাশাপাশি অবৈধ কয়লা, বালি ও পাথর পাচার রোধে বিশেষ হেল্পলাইন নম্বর চালুর কথাও ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ জুলাই ক্যাগের (CAG) রিপোর্ট প্রকাশের পর দুর্নীতি প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি এফআইআর করা হবে। এছাড়া রাজ্যজুড়ে ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপন, সীমান্ত সুরক্ষা জোরদার এবং পুলিশ কর্মীদের উন্নত প্রশিক্ষণের মতো পদক্ষেপ গ্রহণের কথাও জানানো হয়েছে।