মুখ্যমন্ত্রীর সফরের আগেই বারুইপুর কাণ্ডে আরও ৩ গ্রেপ্তার!
বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা এবং গণপিটুনিতে ‘নির্দোষ’ ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তে গতি বাড়িয়েছে পুলিশ। মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে বারুইপুর জেলা পুলিশ, এসটিএফ এবং স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে শুক্রবার গভীর রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গণপিটুনির ঘটনায় মোট ৩৮ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে বারুইপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে বৈঠকের পর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, মাত্র চার দিনের মধ্যে সূর্যপুর হাটের কাছে সম্পূর্ণ হয়েছে নতুন পুলিশ ফাঁড়ির নির্মাণকাজ। এছাড়া নির্যাতিতা নাবালিকা ও ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে সিসি ক্যামেরা বসানো হয়েছে, যা থানা থেকে সরাসরি নজরদারি করা হবে। শুক্রবার আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) কঙ্করপ্রসাদ বারুই নিহতদের বাড়ি পরিদর্শন করেছেন এবং প্রশাসনের উদ্যোগে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি মেরামত করা হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী নির্যাতিতা ও ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে, পাশাপাশি ফুলতলায় প্রসেনজিৎ বিশ্বাস নামক এক কিশোরের খুনের ঘটনায় তার পরিবারের সঙ্গেও তিনি কথা বলবেন।