ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ ভারতীয় পর্যটকের মর্মান্তিক মৃত্যু!
ভিয়েতনামের ফু কুওক দ্বীপে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় প্রশাসনের প্রাথমিক অনুমান, আন থোইয়ের কাছে সমুদ্র উত্তাল থাকার কারণেই নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় পর্যটন বোটগুলো দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও নৌকাটি উল্টে যাওয়ায় আটকে পড়া যাত্রীদের বের করে আনা কঠিন হয়ে পড়ে। উদ্ধারকারীরা কয়েকজনকে জীবিত উদ্ধার করতে পারলেও অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দূতাবাস গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পর্যটকদের সহায়তার জন্য হো চি মিন সিটি ও হ্যানয়ে কন্ট্রোল রুম খুলেছে। প্রয়োজনে হো চি মিন সিটি কনস্যুলেট জেনারেলের সঙ্গে +84362817930, +84915523714, +84334520414 নম্বরে এবং হ্যানয়ের ভারতীয় দূতাবাসের সঙ্গে +84913089165 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনাম ভারতীয় পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং ২০২৩ সালে প্রায় ৩ লক্ষ ৯২ হাজার ভারতীয় পর্যটক দেশটি ভ্রমণ করেছেন।