বীরভূমে অনুব্রত, হাওড়ায় রাজা! বড় চমক জেলা কমিটিতে
রাজ্যের শাসকদলে ‘বিদ্রোহী’ বনাম ‘কালীঘাট’ শিবিরের দ্বন্দ্ব নতুন মোড় নিয়েছে। রাজ্য কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার জেলা স্তরে নতুন কমিটি এবং মুখপাত্রদের নাম ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই নতুন প্যানেলে বীরভূমের দায়িত্ব দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে এবং হাওড়ার দায়িত্ব পেয়েছেন বিধায়ক অরুণাভ (রাজা) সেন। এদিনের সাংগঠনিক বৈঠকে নির্মল ঘোষ, শান্তনু সেন, রঞ্জন সরকার ও বিধান উপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতাদের উপস্থিতি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
ঘোষিত জেলা সভাপতিদের তালিকায় রয়েছেন দেবাশিস কুমার (দক্ষিণ কলকাতা), সন্দীপন সাহা (উত্তর কলকাতা), নরেন্দ্রনাথ চ্যাটার্জি (পশ্চিম বর্ধমান), রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (পূর্ব বর্ধমান), প্রদীপ সরকার (পশ্চিম মেদিনীপুর), রথীন ব্যানার্জি (বাঁকুড়া), উজ্জ্বল কুমার (পুরুলিয়া), শুভাশীষ দাশ (ডায়মন্ড হারবার), প্রসূন বন্দ্যোপাধ্যায় (মালদহ), অরূপ সরকার (মুর্শিদাবাদ), সঞ্জয় পান (ঘাটাল), গণেশ মণ্ডল (সুন্দরবন) এবং সৃষ্টিধর ঘোষ (হাওড়া সদর)। এছাড়া, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে চিফ মুখপাত্র করে আখরুজ্জামান, কোহিনুর মজুমদার ও সুদীপ সাহাদের নিয়ে একটি শক্তিশালী মুখপাত্রের দল গঠন করা হয়েছে। তবে কোচবিহার, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার দায়িত্ব ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে।