রাজ্যে ১০০ কোটির লগ্নিতে মিলবে সিঙ্গল-উইন্ডো সুবিধা, বড় ঘোষণা শুভেন্দুর!
পশ্চিমবঙ্গে শিল্পায়নের গতি ত্বরান্বিত করতে ১০০ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগের প্রস্তাবের ক্ষেত্রে ‘সিঙ্গল-উইন্ডো ক্লিয়ারেন্স’ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের ৬০০ কোটি টাকার নতুন ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। শিল্প স্থাপনের ক্ষেত্রে জমির অভাবকে কোনো বাধা হিসেবে গণ্য করা হবে না বলেও তিনি স্পষ্ট করেছেন। এ সময় তিনি জানান, স্বচ্ছ ও সহজ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করে পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম শীর্ষ বিনিয়োগ কেন্দ্রে পরিণত করাই রাজ্য সরকারের লক্ষ্য।
রাজ্যের বর্তমান আর্থিক অবস্থার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, পূর্ববর্তী সরকারের আর্থিক অব্যবস্থাপনার ফলে রাজ্যের ঋণের বোঝা বর্তমানে ৮ লক্ষ কোটিতে পৌঁছেছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে শিল্পায়নের কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। এছাড়া রাজ্যের প্রায় এক কোটি মানুষ কাজের সন্ধানে বাইরে আছেন জানিয়ে, শিল্পায়ন ও দক্ষতা বিকাশের মাধ্যমে স্থানীয় স্তরে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে শিল্পায়নের পূর্বশর্ত হিসেবে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।