জলঢাকা নদীর রুদ্রমূর্তি, প্লাবনের আতঙ্কে কাঁপছে উত্তরের পাঁচ জেলা!
টানা ২৪ ঘণ্টার অবিরাম বর্ষণে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেচ দপ্তরের তথ্য অনুযায়ী, কোচবিহারে ১৪৩ মিলিমিটার এবং শীতলকুচিতে ১৪২.২০ মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার ও বানারহাটেও রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এই অতি বর্ষণের ফলে জলপাইগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সাপ্টিয়াবাড়ি এলাকায় জলঢাকা নদী বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কায় জেলা প্রশাসন ও সেচ দপ্তর সার্বিক নজরদারি শুরু করেছে।
অন্যদিকে, বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের একাধিক নদীতে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। জলপাইগুড়ির আংরাভাসা, দার্জিলিংয়ের চেঙ্গা, বালাসন, তিস্তা ও পঞ্চানই নদীসহ বিভিন্ন এলাকায় কয়েকশো মিটার এলাকা জুড়ে পাড় ভাঙছে। এর ফলে নকশালবাড়ি, মাটিগাড়া ও বাগডোগরা অঞ্চলের বহু বসতি এবং বাঁধ নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এছাড়া মহানন্দা নদীর পোরাঝার বাঁধে ফাটল দেখা দিয়েছে এবং কোচবিহারের তুফানগঞ্জে গদাধর নদীর ভাঙনে বাসিন্দারা আতঙ্কিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।