বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে প্রলয়ংকরী মেঘের সারি, আসছে প্রবল বৃষ্টি!
বঙ্গোপসাগর থেকে মধ্য প্রশান্ত মহাসাগর পর্যন্ত প্রায় ১০ হাজার কিলোমিটার দীর্ঘ এক বিশাল মেঘের সারি তৈরি হওয়ায় দেশজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)। স্যাটেলাইট চিত্রে উত্তর পাকিস্তান ও জম্মু-কাশ্মীরে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি শনাক্ত হয়েছে। আরব সাগর থেকে আসা জলীয় বাষ্প ও এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, দিল্লি, পাঞ্জাবসহ উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে ধুলোঝড়, বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
এই মেঘমালার প্রভাবে পশ্চিমবঙ্গেও আবহাওয়া পরিবর্তনের সতর্কতা জারি করা হয়েছে। এর জেরে উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িসহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গ ও কলকাতায় বর্ষা ফের সক্রিয় হয়ে উঠবে। এতে বর্তমানে বিরাজমান গুমোট গরম কমে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।