৮১ হাজার স্কুল এবার বিশ্বমানের, বাংলার শিক্ষায় ঐতিহাসিক রূপান্তর!
পশ্চিমবঙ্গের শিক্ষা পরিকাঠামোর আমূল পরিবর্তনের লক্ষ্যে সল্টলেকের বিকাশ ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজ্যের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, স্বচ্ছতা ফেরানো এবং জাতীয় শিক্ষানীতি (NEP) দ্রুত বাস্তবায়নের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের ৮১ হাজার বিদ্যালয়কে বিশ্বমানের করে তোলার পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যিকীকরণ মুক্ত করার কঠোর বার্তা দেওয়া হয়েছে। এছাড়া, পূর্বের নিয়োগ সংক্রান্ত অনিয়ম দূর করতে মেধাতালিকার ভিত্তিতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।
পরিকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে প্রতিটি সরকারি স্কুলে রান্নার কাজে কাঠ বা কয়লার বদলে এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, বিদ্যালয়গুলোতে বিশুদ্ধ পানীয় জলের জন্য ওয়াটার পিউরিফায়ার, বিদ্যুৎ খরচ কমাতে সোলার প্যানেল স্থাপন এবং শৌচাগারসহ সামগ্রিক পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। ডিজিটাল শিক্ষার প্রসারে জোর দেওয়া ছাড়াও সেমিস্টার ও ক্রেডিট সিস্টেম চালুর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার পরিকল্পনা করা হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি জেলার বিদ্যালয় পরিদর্শকদের সরাসরি স্কুল পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্কুলের পঠনপাঠন ও পরিকাঠামোর তথ্যের লাইভ আপডেট বিকাশ ভবনের সেন্ট্রাল ড্যাশবোর্ডে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।