শিক্ষক নিয়োগে কাটলো জট, দ্রুত শুরু হচ্ছে স্বচ্ছ প্রক্রিয়া!

কলকাতা: রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জট কাটাতে কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিকাশ ভবনে শিক্ষা দফতরের আধিকারিকদের সাথে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এখন থেকে সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে প্রাথমিক থেকে কলেজ পর্যায়ে শিক্ষক ও অধ্যাপক নিয়োগ করা হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ওবিসি সংরক্ষণ সমস্যা সংক্রান্ত আইনি জট নিরসনে নতুন আইন প্রণয়ন করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে ইতিবাচক সাড়া পাওয়ার বিষয়ে রাজ্য সরকার আশাবাদী। এছাড়াও, ইন্টারভিউ প্রক্রিয়ার গতি বাড়াতে বাকি ৬ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার গুণমান ও পরিকাঠামো উন্নয়নেও একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। বেসরকারি স্কুলগুলোর লাগামহীন ফি বৃদ্ধি রুখতে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিয়ম অমান্য করলে কঠোর ব্যবস্থা ও অনুমোদন বাতিল করা হবে। অন্যদিকে, আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যের ৮১ হাজার স্কুলে ‘কম্পোজিট গ্র্যান্ট’ পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে আধুনিক শৌচালয়, পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা হবে। এছাড়া আগামী ১ আগস্ট থেকে মিড-ডে মিল ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে, যেখানে প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য ১০ টাকা মূল্যের পুষ্টিকর মেনু চালুর পাশাপাশি রান্নার কাজে গ্যাস ও সোলার প্যানেল ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় এই মিড-ডে মিল পরিচালনার দায়িত্ব পেয়েছে ইস্কন (ISKCON)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *