স্কুলে নাবালিকার ওপর নির্যাতন! অভিযুক্ত গ্রেফতার হলেও উত্তাল অভিভাবকরা

পশ্চিম মেদিনীপুরের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম শ্রেণির এক পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগে স্কুল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্কুলের এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, গত শুক্রবার স্কুলের শৌচাগারে ওই ছাত্রীকে একা পেয়ে অভিযুক্ত কর্মী যৌন নিগ্রহ করেন। ঘটনার সময় এক সহপাঠী দরজায় ধাক্কা দিলে অভিযুক্ত তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। পরবর্তীতে নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো (POCSO) আইনে মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে তিন দিনের পুলিশি হেফাজতে নিয়েছে।

ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অভিভাবকরা। প্রিন্সিপালের পদত্যাগ ও অভিযুক্তের মদতদাতা শিক্ষকদের অপসারণের দাবিতে সোমবার স্কুল গেটের সামনে অভিভাবকরা ধর্নায় বসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, এরই মধ্যে সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করতে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য আলাদা শৌচাগার, শৌচাগারের প্রবেশপথে সিসিটিভি, নজরদারির জন্য কর্মী নিয়োগ এবং সকল কর্মীর ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *