জিটিএ-তে বড় সাফাই! ২০০ কোটির প্রকল্প বাতিল করে দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজু বিস্তার
পাহাড়ের প্রশাসনিক কাজে স্বচ্ছতা ফেরাতে ও দুর্নীতি রুখতে বড় পদক্ষপ নিল রাজ্য সরকার। মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে জিটিএ-র বিগত দিনের প্রায় ২০০ কোটি টাকার ডিপিআর (DPR) বাতিল বা ‘স্ক্র্যাপ’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামার আহ্বানে আয়োজিত এই বৈঠকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জিটিএ-র শীর্ষ আধিকারিক এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলা ও প্রশাসনিক সংস্কারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
প্রতিমন্ত্রী বিশাল লামা জানিয়েছেন, যে প্রকল্পগুলো সাধারণ মানুষের উপকারের বদলে ঠিকাদার ও নেতাদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তৈরি হয়েছিল, তা সরকার বরদাস্ত করবে না। মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদনের পর শীঘ্রই নতুন জনকল্যাণমুখী কাজ শুরু হবে। পাশাপাশি, সাংসদ রাজু বিস্তা ঘোষণা করেছেন যে জিটিএ-র ৩৬০ কোটি টাকার বাজেটের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে অতিরিক্ত ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এছাড়া জিটিএ-র ৫০টি বড় প্রকল্প বর্তমানে অডিট ও তদন্তের আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতে আর্থিক অনিয়মের তদন্তে সিএজি (CAG), ইডি (ED) বা সিবিআই (CBI)-কে যুক্ত করার বিষয়টিও রাজ্য সরকার বিবেচনা করছে।