সক্ষমদের নিয়ে কুরুচিকর কৌতুক, ৫ কমেডিয়ানকে ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের!

ইউটিউবের জনপ্রিয় শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে অসংবেদনশীল ও আপত্তিকর মন্তব্য করার দায়ে কমেডিয়ান সময় রায়না ও তাঁর চার সহযোগীকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই জরিমানা জমা দিতে ব্যর্থ হলে জরিমানার অঙ্ক বেড়ে ৩০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

২০২৫ সালে শো-টির প্রথম সিজনে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি (এসএমএ) আক্রান্ত শিশুসহ অন্যান্য বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়। আদালতের পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী, অভিযুক্তদের জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং প্রতি মাসে দুটি করে ‘চ্যারিটি কমেডি শো’ আয়োজন করে প্রাপ্ত অর্থ এসএমএ আক্রান্তদের চিকিৎসায় দান করতে হবে। এদিনের শুনানিতে সময় রায়নার জমা দেওয়া জবাবকে ‘দীর্ঘসূত্রিতাপূর্ণ’ আখ্যা দিয়ে খারিজ করে দেয় আদালত এবং আক্রান্তদের নিয়ে মশকরা করার প্রবণতার কঠোর সমালোচনা করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *