অনশনে অটল সোনম, সরকার কি এবারও নীরব?
নিট (NEET) দুর্নীতি ও শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতার দাবিতে দিল্লিতে যন্তর মন্তরে সমাজকর্মী সোনম ওয়াংচুকের চলমান অনশন ১৯তম দিনে পদার্পণ করেছে। শারীরিক দুর্বলতা সত্ত্বেও নিজের দাবিতে অনড় সোনম বুধবার রাতে এক ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়েছেন যে, চিকিৎসকদের উদ্বেগ এবং শুভানুধ্যায়ীদের অনুরোধ সত্ত্বেও তিনি অনশন প্রত্যাহার করবেন না। সরকারের নীতি পরিবর্তনের লক্ষ্যেই তিনি এই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন বলে জানিয়েছেন।
অনশনের ১৮ দিন অতিবাহিত হওয়ার পরও মেডিকেল রিপোর্ট অনুযায়ী তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে উল্লেখ করেছেন সোনম। এছাড়া, আগামী ২০ জুলাই ‘সংসদ চলো’ কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। এই লড়াইকে রাষ্ট্রবিজ্ঞানের একটি বাস্তব শিক্ষা হিসেবে অভিহিত করে তিনি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই আন্দোলনে শামিল হওয়ার ডাক দিয়েছেন।