স্ত্রী গর্জালেন, হাসপাতালে সোনম, আমরণ অনশনে কে?
টানা ২১ দিন অনশন চালানোর পর যন্তর মন্তর থেকে সমাজকর্মী সোনম ওয়াংচুককে জোর করে তুলে নিয়ে গিয়ে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করল পুলিশ। শুক্রবার রাতে সোনম জানিয়েছিলেন যে তাঁর শরীরের ওজন ২০ শতাংশ কমে গেছে, তবুও তিনি লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর ছিলেন। এই ঘটনার পর তাঁর জায়গায় আমরণ অনশন শুরু করার ঘোষণা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি জানিয়েছেন, ২০ জুলাই পূর্বনির্ধারিত সংসদ অভিযান কর্মসূচি অপরিবর্তিত থাকবে।
সোনমের স্ত্রী গীতাঞ্জলী জে আংমো হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করে জানিয়েছেন, তাঁর বা চিকিৎসকদের পূর্বানুমতি ছাড়া যেন সোনমকে জোর করে কোনো খাবার খাওয়ানো না হয়। শুক্রবার সোনমের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকা সত্ত্বেও তাঁকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন তিনি। অন্যদিকে, দিল্লি পুলিশের দাবি, সোনমের চিকিৎসার প্রয়োজন ছিল এবং দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কোনো রকম বলপ্রয়োগের অভিযোগ অস্বীকার করেছে।