হেলিকপ্টার পাঠাচ্ছি! মেজিয়া থেকে শুভেন্দুর তোপ মমতাকে
বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন উৎপাদন ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শিল্প কারখানার মঞ্চ থেকেই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, বর্তমানে হাতে প্রচুর অবসর সময় থাকায় তিনি চাইলে মেজিয়ার এই প্ল্যান্টটি ঘুরে দেখতে পারেন এবং এজন্য রাজ্য সরকার বিশেষ হেলিকপ্টারের ব্যবস্থাও করে দেবে।
রাজ্যে শিল্পায়নের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী তৃণমূল জমানার ‘বহিরাগত’ তত্ত্বকে সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, যাঁরা শিল্পপতিদের ‘বহিরাগত’ বলে অভিহিত করেন, তাঁদের বাংলার শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানে ওই ব্যক্তিদের অবদান বিবেচনা করা উচিত। বিশেষ করে কারখানা প্রাঙ্গণে রাধাকৃষ্ণ ও শিব মন্দির, গোশালা এবং রবীন্দ্রনাথ ও নেতাজির মূর্তি স্থাপনের বিষয়টি তুলে ধরে মুখ্যমন্ত্রী দাবি করেন, বাংলার সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীলদের বহিরাগত বলা যায় না। একই সঙ্গে তিনি শিল্পপতিদের আশ্বস্ত করে জানান, বর্তমান সরকার বিনিয়োগের অনুকূল পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর এবং রাজ্যে তোলাবাজি বা সিন্ডিকেট রাজের কোনো স্থান নেই।