ইলেকট্রিক গাড়ি চালকদের জন্য সুখবর, দেশজুড়ে বসছে হাজার হাজার চার্জিং স্টেশন!
ইলেকট্রিক গাড়ি ব্যবহারকারীদের সুবিধার্থে দেশজুড়ে চার্জিং পরিকাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে সারা দেশে মোট ৫২,৭১৮টি পাবলিক ইভি চার্জিং স্টেশন কার্যকর রয়েছে, যার মধ্যে ১৬,৫৬১টি স্টেশনে দ্রুত চার্জ দেওয়ার (ফাস্ট চার্জার) সুবিধা পাওয়া যাচ্ছে। মূলত চালকদের দীর্ঘ যাত্রাপথে চার্জ ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা দূর করতেই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।
পরিকাঠামো উন্নয়নের জন্য ভারী শিল্প মন্ত্রক ‘FAME-II’ প্রকল্পের অধীনে ৯১২.৫০ কোটি টাকা এবং নতুন ‘PM E-DRIVE’ প্রকল্পের অধীনে ২,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই তহবিলের মাধ্যমে বিভিন্ন শহর ও জাতীয় সড়কে নতুন চার্জিং স্টেশন স্থাপন করা হবে। বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে চার্জিং স্টেশন তৈরির প্রক্রিয়াটিকে সম্পূর্ণ লাইসেন্স-মুক্ত করা হয়েছে। এছাড়া ‘PM E-DRIVE’ প্রকল্পের আওতায় প্রায় ২৮.৩০ লক্ষ ইলেকট্রিক যানকে সহায়তার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং ইভি নির্মাতা যোগ্য সংস্থাগুলিকে ১৩% থেকে ১৮% পর্যন্ত আর্থিক উৎসাহ ভাতা (PLI) প্রদান করা হচ্ছে।