আমেরিকার হামলায় উত্তপ্ত ইরান, এবার কি আকাশ ছোঁবে জ্বালানির দাম?
যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর টানা ১২ রাত ধরে ইরানে ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে মার্কিন সেনাবাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই অভিযানের বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে ইরানের হুমকি মোকাবিলা করতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে কোনো জাহাজে হামলা চালানো হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়া হবে।
পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আমেরিকার যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে তেহরান। প্রয়োজনে তেল ও গ্যাস অবকাঠামোয় পাল্টা আঘাতের পাশাপাশি তেল রফতানি বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে দেশটি। এই সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৫ ডলার ছাড়িয়েছে এবং জ্বালানি তেলের দাম আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।