পকেটে মাদক গুঁজে দেওয়ার হুমকি, ছাত্র বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্র!
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে ‘তেলাপোকা জনতা পার্টি’ (CJP)-র আন্দোলনের মধ্যেই মহারাষ্ট্রের সিয়ন থানায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে সিয়ন থানার পুলিশ ভ্যানের চালক পবন সাঙ্গলেকে আটক আন্দোলনকারী শিক্ষার্থীদের মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিতে শোনা গেছে। ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, “পকেটে ৫০ গ্রাম পাউডার গুঁজে দেব, জীবন শেষ করে দেব।” এই ঘটনার পরপরই পুলিশ ভ্যান থেকে আটক শিক্ষার্থীদের পালিয়ে যাওয়ার আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা রাজ্যজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এই ভিডিও প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজনৈতিক নেতা রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরে। তারা যৌথ সংবাদ সম্মেলন করে পুলিশের কাছে এত সহজে মাদক বা পাউডার পাওয়ার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্যাপক প্রতিবাদের মুখে পড়ে প্রশাসন নড়েচড়ে বসে এবং অভিযুক্ত পুলিশ চালক পবন সাঙ্গলেকে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে।