NEET আন্দোলনকারীকে গাঁজা কেসে ফাঁসানোর হুমকি! মুম্বই পুলিশের ভাইরাল ভিডিওয় তুঙ্গে বিতর্ক
দেশজুড়ে NEET পরীক্ষার বিরোধিতায় চলা আন্দোলনের আবহে মুম্বইয়ে এক আন্দোলনকারী ছাত্রকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির ভিডিও প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, পুলিশের গাড়িতে বসে থাকা আন্দোলনকারীদের এক পুলিশকর্মী হুমকি দিয়ে বলছেন, পুনরায় আন্দোলনে অংশ নিলে তাঁদের বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হবে এবং জামিন পাওয়া অসম্ভব হয়ে পড়বে। এই ঘটনাকে কেন্দ্র করে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
বিতর্কের মুখে নড়েচড়ে বসেছে প্রশাসন। মুম্বই পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিওটির প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং অভিযুক্ত পুলিশকর্মীকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার আকবর পাঠান জানিয়েছেন, ঘটনার সত্যতা যাচাই করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিলের পর থেকেই মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে NEET বিরোধী আন্দোলন জোরদার হয়েছে।